রাঙ্গামাটির লংগদুতে এক মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অন্যদিকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক বৃদ্ধাকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে পৃথক এ ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার রাত ৮টায় লংগদুর উপজেলার বাইট্টাপাড়ায় ভিক্ষুককে ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল ও একই এলাকার নাসির। ভুক্তভোগী নারী চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রে লংগদুতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে অভিযুক্ত দুই ভুক্তভোগী নারীর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে বাইট্টাপাড়া বাজার আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় আসামি ইসমাইলের বাড়িতে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে দুজন। স্থানীয় বাসিন্দা মো. নবী জানান, ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের মানুষের সন্দেহ হলে তারা ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টাপাড়া বাজারে নিয়ে মারধর করে তারা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। লংগদু থানার ওসি মো. জাকারিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে গভীর রাতে ওই নারীকে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এক ব্যক্তি। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে ঘটনা জানিয়ে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ভুক্তভোগী নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী নারীর তথ্যমতে দুজনকে আটক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।