জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে বুধবার (১২ আগস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তি উপস্থাপন পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন জানায়, ষষ্ঠ দিনের মতো আজ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এরপরই নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবেন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা।
এরই মধ্যে নতুন কল রেকর্ড জমা দিয়েছে প্রসিকিউশন। এর মধ্যে ডিবিপ্রধান হারুনুর রশিদের ফোনালাপও রয়েছে। তার এ কথোপকথনে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়কদের তুলে নিয়ে নিজ কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসার প্রসঙ্গও উঠে এসেছে।
ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
ইরানের বন্দরে যাওয়ার পথে জাহাজে মার্কিন হামলা