রদ্রির জন্য ৮৪০ কোটির প্রস্তাব বার্সার, সিটির নজরে এনজো ফার্নান্দেজ

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির কাছে প্রস্তাব বাড়িয়ে প্রায় ৬০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৪০ কোটি টাকা) করেছে বার্সেলোনা। এর আগে বার্সার ৪৫ মিলিয়ন ইউরোর প্রথম প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছিল ম্যান সিটি।

বোনাসসহ বার্সেলোনার নতুন এই প্রস্তাবটি ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য সিটির কাঙ্ক্ষিত মূল্যের অনেকটাই কাছাকাছি। ২০২৪ সালে ব্যালন ডি'অর জয়ী এবং স্পেনের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা রদ্রি নিজেও বার্সেলোনায় যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ফলে চলতি দলবদল মৌসুমে তাঁর ম্যান সিটি ছাড়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

রদ্রির সম্ভাব্য বিদায় ধরে নিয়ে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে রাডারে রেখেছে ম্যানচেস্টার সিটি। চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা (যিনি আগে স্ট্যামফোর্ড ব্রিজে এনজোর সাথে কাজ করেছেন) এই ২৫ বছর বয়সী তারকাকে সিটিতে পেতে বেশ আগ্রহী। তবে চেলসি তাদের অধিনায়কের জন্য প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড দাবি করায় এই দলবদলটি কিছুটা জটিল রূপ নিতে পারে।

ফার্নান্দেজ সিটিতে যোগ দিলে দলটিতে নেতৃত্ব ও মাঝমাঠের শক্তিমত্তা বৃদ্ধি পাবে। এর ফলে সিটির আরেক মিডফিল্ডার তিজানি রেইন্ডার্স ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে এনজো চলে গেলে তাঁর বিকল্প হিসেবে বোর্নমাউথের অ্যালেক্স স্কটকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখছে চেলসি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত