ফরিদপুরে শিশু অপহরণ মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম

ফরিদপুরের নগরকান্দায় শিশু অপহরণ মামলায় রুবেল খন্দকার নামে এক শিশু আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামি সোহেলকে খালাস দেওয়া হয়েছে।  ছিলেন না।

আদালতে আসামি উপস্থিতে ‎বুধবার (১২ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল খন্দকার (১৬) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামের বাসিন্দা।

‎মামলার এজাহারে জানা গেছে, নগরকান্দা থানার একটি মাদরাসায় প্রায় ছয় মাস ধরে আবাসিকভাবে পড়াশোনা করছিল ১০ বছর বয়সী শিশু হেদায়েত উল্লাহ। ২০১৬ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদরাসার সামনে পশ্চিম পাশে জুরদী বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে সহপাঠীদের সঙ্গে মাদরাসা থেকে বের হয় সে। এরপর আর মাদরাসায় ফিরে না আসায় শিক্ষক ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শিশুটির বাবা মো. কামাল খন্দকার নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ১৬ জানুয়ারি দুপুরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যারও হুমকিও দেওয়া হয়। একই দিন রাতে আবার ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী জানান, ‎এ ঘটনায় শিশুটির বাবা নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত রুবেল খন্দকারকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সোহেলকে খালাস দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত