চট্টগ্রামের আনোয়ারা

ব্যবসা করতে হলে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে, ঠিকাদারের ওপর হামলা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

ইউনাইডেট চট্টগ্রাম পাওয়ার লিমিডেটের (ইউসিপিএল) এক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে না পেয়ে ঠিকাদারের প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ উঠেছে চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয় আলী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ইউসিপিএলের বাইরে হামলার এ ঘটনা ঘটে। এরপর প্রকৌশলী কর্ণফুলী থানা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের সামনে আবারও হামলা করা হয় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনদের।

হামলায় গুরুতর আহতরা হলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পার্টনার স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ুব।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমির বলেন,স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েকবার লোকজন নিয়ে এসে বলে এখানে ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে। তার প্রস্তাবে মালিকপক্ষ রাজি না হলে বুধবার সকালে লোকজন ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পথ আটকে আমাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে কোনো রকমে প্রাণে রক্ষা পাই।

তার অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের সামনে আবারও আমাদের ওপর হামলা চালায় তারা।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন,অভিযোগের সূত্র ধরে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক অভিযোগ দিয়েছেন। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি জানান,আলী হোসেন নামে বন্দর কমিউনিটি সেন্টারে কোনো যুবদল নেতাকে তিনি চিনেন না। আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত