বাবাকে হত্যা করে ওমান পালানোর সময় বিমানবন্দরে ধরা ছেলে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে নিজের পছন্দমতে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন প্রবাসফেরত ছেলে বোরহান উদ্দিন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা শাহজাহানেরকে হত্যা করে বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন অভিযুক্ত বোরহান উদ্দিন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরহান বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে বোরহানের বিয়ে নিয়ে শাহজাহানের সঙ্গে স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান।
এ ঘটনায় নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বোরহান উদ্দিন ও তার বোন রুবি আক্তারকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকে বোরহান উদ্দিন পলাতক ছিলেন।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালিপুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, বোরহান পরিবারের সদস্যকে না জানিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এতে ছেলের গাছের গুঁড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত