চাঁদপুর

ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জুয়েলারি ব্যবসায়ী অমর সরকার হত্যা মামলায় হৃদয় সূত্রধর নামে এক যবুককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় জয় বিশ্বাস অনিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মো. কামাল হোসাইন এ রায় দেন। এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর আদালতে উপস্থিত থাকলেও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিক পলাতক ছিলেন।

নিহত অমল সরকার মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামের রবি ভক্তের ছেলে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জয় বিশ্বাস (২১) মুন্সীগঞ্জের লৌহজং থানায় অর্জুন বিশ্বাসের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধর (২১) মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, নিহত অমর সরকার পার্শ্ববর্তী নারায়ণপুর বাজারে জুয়েলারি ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে রাতের দিকে তিনি দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত দুই আসামির যোগসাজসে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। ওই রাতেই ঘটনাটি আড়াল করার জন্য জয় বিশ্বাস অনিক নিজেই অমর সরকারকে কে বা কারা হত্যা করেছে এমন সংবাদ তার বাবার কাছে র্পৌছে দেন। তখন রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ি থেকে প্রায় ৮০ গজ দূরে দাস বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এঘটনার পরদিন ২২ ফেব্রুয়ারি অমর সরকারের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িত উল্লেখিত আসামি হৃদয়কে ২৩ ফেব্রুয়ারি ও জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।

মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হৃদয় সূত্রধরকে মৃত্যুদণ্ড ও জয় বিশ্বাস অনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালমা বলেন, এ মামলার ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আদালত সঠিক রায় দেওয়ায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত