বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

বেনাপোলে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার (১৩ আগস্ট) দুপুরে ভবেরবেড় এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী ফজলু রহমান ও ভ্যানচালক আলী কদর নামে দুজন আহত হয়েছেন।

নিহত শিক্ষক ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্প্রতিবার দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু রহমান মোটরসাইকেলযোগে গোগা থেকে কাগজপুকুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বেনাপোল বাইপাস সড়কের ভবেরবেড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকসহ তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মোটরসাইকেল চালক শিক্ষক ইব্রাহিম হোসেন মারা যান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, বেনাপোলে বাইপাসে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত