বাংলাদেশে ‘আদিবাসী’ পরিচয় নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো দুই মন্ত্রীর বক্তব্যকে ‘আপত্তিকর, বিভ্রান্তিকর, ইতিহাস ও বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়।
গত মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসকারী সবার মূল পরিচয় ‘বাংলাদেশী’; দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক।
যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, বাংলাদেশ বহু জাতি, ভাষা ও সংস্কৃতির দেশ। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি ৫০টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করছে। তাদের অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সরকার আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে এবং সাম্প্রতিক বক্তব্যগুলো তাদের আরও প্রান্তিক করে তুলছে।
বিবৃতিতে ২০০৭ সালের জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারবিষয়ক ঘোষণাপত্র বাস্তবায়নেরও দাবি জানানো হয়। সংগঠনগুলোর দাবি, আদিবাসীদের স্বতন্ত্র পরিচয় ও অধিকারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের ভূমি, প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে আদিবাসীদের ‘মূলধারায় সম্পৃক্ত’ করার নামে তাদের স্বতন্ত্র জাতিসত্তাকে বৃহত্তর বাঙালি জাতিসত্তার সঙ্গে একীভূত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করে সংগঠনগুলো। তারা সরকারের প্রতি নিরাপত্তাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র গঠনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণসহ ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান সংরক্ষণ এবং ২০০৭ সালের জাতিসংঘের আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র বাস্তবায়ন।
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বম স্টুডেন্টস এসোসিয়েশন ,বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ খুমী স্টুডেন্টস এসোসিয়েশন ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কসহ ২৫টি সংগঠন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' না