শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৫জনকে দুদকে তলব

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ পাঁচ শিক্ষক ও কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
গত মঙ্গলবার (১১ আগস্ট) ​দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো: জাহেদ আলম সাক্ষরিত এক নোটিশে আগামী ১৯ আগস্ট দুর্নীতি সংক্রান্ত বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য তাদের উপস্থিত হতে বলা হয়েছে। 
 
নোটিশে ​তলবকৃত ব্যক্তিরা হলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: জামসেদুল ইসলাম ও শ্রাবন্তী দত্ত এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
 
দুদকের নোটিশে উল্লেখ করা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসির নিয়োগ নীতিমালা না মেনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত দিনে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
​নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন, ‘এর আগেও দুদক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিল, আমরা তথ্য দিয়েছি। এখন বক্তব্যের জন্য আবার ডাকছে, তো আবার যাবো।’
×
সর্বশেষ সর্বাধিক পঠিত