চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়কে সিএনজি চালকরা, দীর্ঘ যানজট 

চালকদের দাবি, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো সুনির্দিষ্ট আশ্বাসও পাওয়া যাচ্ছে না।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম

গ্যাসের তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে বন্দরনগরী চট্টগ্রামে রাজপথে নেমে এসেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। দীর্ঘ অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে নগরীর ষোলশহর এলাকায় মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকেই ষোলশহর মোড় সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন কয়েক’শ অটোরিকশাচালক। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেটমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল পুরোপুরি স্থবির হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এসময় সড়কের পাশের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দেখা যায়।

চালকদের দাবি, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো সুনির্দিষ্ট আশ্বাসও পাওয়া যাচ্ছে না।

মো. শাহ আলম নামের এক অটোরিকশাচালক বলেন, ‘এক দিনের বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে পড়ে আছি। গ্যাস না থাকলে গাড়ি চলবে কীভাবে? আয়-রোজগার না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, সেই চিন্তায় রাতে ঘুম আসছে না।’

একই ধরনের কষ্টের কথা জানান মনু মিয়াজি নামে আরেক চালক। তিনি বলেন, ‘দুই দিন ধরে এক টাকাও আয় হয়নি। অথচ মালিকের দৈনিক জমা আর ঘরের বাজার তো বন্ধ নেই। এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।’

অটোরিকশাচালক মুজিবুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, নগরীর প্রায় সব পাম্পেই একই চিত্র। তীব্র সংকট থাকা সত্ত্বেও সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে ফসিল ফিলিং স্টেশনের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তাদের পক্ষে রিফুয়েলিং সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাম্প কর্তৃপক্ষের নিজস্ব কিছু করার নেই।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, পুলিশ চালকদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত