কোপা সুদামেরিকানার শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে নেইমারের অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিলের ক্লাব সান্তোস। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ইকুয়েডরের ক্লাব মাকারাকে ২-১ গোলে হারিয়েছে তারা। দলের দুটি গোলেই সরাসরি অবদান রেখে ম্যাচের নায়ক এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় মাকারা ফরোয়ার্ড ফ্রাঙ্কো পোসের দারুণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে নেইমারের দুর্দান্ত ভিশন ও পাসিং দক্ষতার প্রদর্শনী দেখা যায়। ডান দিক থেকে পাওয়া পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণ নিয়ে তিনি বাড়ান গ্যাব্রিয়েল বারবোসাকে (গাবিগোল), যিনি নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয় অর্ধে নেইমারের কর্নার কিক থেকে উইলিয়ান আরাউ গোল করে সান্তোসের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে ডান পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা পেয়ে সাময়িকভাবে মাঠ ছাড়েন নেইমার। তবে চিকিৎসা শেষে বুট পরিবর্তন করে তিনি পুনরায় মাঠে ফেরেন।
সমর্থকদের সমালোচনা থামিয়ে পাশে থাকার বার্তা নেইমারের
ম্যাচ চলাকালীন ভুয়া বা বাঁশি না বাজানোর আহ্বান জানিয়ে বলেন,"আমরা পরিস্থিতি বুঝি, কিন্তু অতীতে যা হয়েছে তা নিয়ে পড়ে থাকলে বর্তমান বা ভবিষ্যতের কী হবে? কোনো খেলোয়াড় ভুল করলেই যদি গ্যালারি থেকে দুয়ো আসে, তবে দল উজ্জীবিত হবে কীভাবে? দুয়ো দেওয়া বন্ধ করুন, হাততালি দিয়ে উৎসাহ দিন।
নেইমার যোগ করেন, সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো আগে প্রতিপক্ষ দলের জন্য এক আতঙ্কের নাম ছিল। কিন্তু এখন সেই 'ফাঁদ' বা উত্তপ্ত পরিবেশের অভাব অনুভব করছেন তিনি।
"ম্যাচ শেষে আপনারা ক্ষোভ ঝাড়ুন, ১০০% সমর্থন করি। কিন্তু খেলা চলাকালীন আমাদের সাহায্য করুন। আগে এখানে খেলতে এলে সবাই ভয় পেত, কিন্তু এখন আর সেই পরিবেশ পাই না। সমর্থকেরা আমাদের কাছে দাবি জানায়, আজ আমিও তাদের কাছে দাবি জানাচ্ছি।"
দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে নেইমার বলেন"আমরা ৩-০ বা ৪-০ গোলে জিতব না। আমাদের দলের বাস্তবতাই এখন এমন। আমাদের কষ্ট করতে হবে, সান্তোস এখন এমন দলই হয়ে গেছে। আমাদের লড়াই করে এগোতে হবে, তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তবে অনেক দূর যাওয়া সম্ভব।"
শিরোপার আশা ও রেলিগেশন যুদ্ধ
সুদমেরিকানার শিরোপা জয়ের লড়াইয়ে দল ইতিবাচক অবস্থানে রয়েছে উল্লেখ করে নেইমার বলেন, "সমর্থকেরা অনেক বছর ধরে ভুগছে, আমিও সান্তোসের সমর্থক হিসেবে সমান কষ্ট পাই। আমরা ব্রাজিলের লিগে রেলিগেশন জোনে (১৭তম স্থান) পড়ে আছি, তবে এই পরিস্থিতি থেকে বের হব। আমরা ট্রফির খুব কাছাকাছি আছি।"
সান্তোস বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে ব্রাজিলেইরাও-এর রেলিগেশন জোনে রয়েছে। আগামী রবিবার সান জেনুয়ারিও স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ভাস্কো দা গামার বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে, কোচ কুকা ইঙ্গিত দিয়েছেন সুদামেরিকানার ফিরতি লেগে ইকুয়েডরে উচ্চতাজনিত কারণে একাধিক মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে।
প্রথম লেগে ২-১ ব্যবধানের এই মূল্যবান জয় নিয়ে দ্বিতীয় লেগের মুখোমুখি হবে সান্তোস। ইকুয়েডরের আম্বাতোতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫৮০ মিটার উঁচুতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিরতি লেগে কেবল একটি ড্র করতে পারলেই কোপা সুডামেরিকানার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ব্রাজিলিয়ান জায়ান্টরা।
তানজিদের প্রথম অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম
শমিতকে কসমসে স্বাগত জানালেন প্যাটারসনের মেয়র