সোনারগাঁও

মিনি ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি  মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সোনারগাঁও রানার্সের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতা চালাকালী এ ঘটনা ঘটে।

মৃত টিপু সুলতান (৪০) উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী।

আয়োজরা জানায়, সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় শুরু হওয়ার পর প্রায় অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়াদিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতানও তাদের একজন ছিলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুতে আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত