ইনফান্তিনোকে ওশেনিয়ার সমর্থন, তবে সরে দাঁড়াল নিউজিল্যান্ড

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বিশ্ব ফুটবলের অন্দরমহলে চরম অসন্তোষ এর চিত্র যেন কমার নামই নিচ্ছে না। গোপনে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির আত্মঘাতী উদ্যোগের পর থেকেই ফিফার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পুনর্নির্বাচনী লড়াই থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড।

তবে আঞ্চলিক জোট হিসেবে ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) কিছুটা ভিন্ন অবস্থান নিয়ে ফিফার বর্তমান নেতৃত্বের প্রতি সাবধানী সমর্থন বজায় রেখেছে এবং ফিফার বাতিল হওয়া প্রস্তাব পর্যালোচনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অবশ্য নিউজিল্যান্ড কোনো পদত্যাগের দাবি জানায়নি। তারা চেয়েছে একটি স্বাধীন তদন্ত। ফিফার সামগ্রিক কার্যকলাপে অনাস্থা প্রকাশ করে নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ)-এর প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিশেষভাবে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছি, কারণ আমরা যা দেখতে চাই না তা হলো এই বিষয়ের কোনো অভ্যন্তরীণ ও দায়সারা ধামাচাপা দেওয়ার চেষ্টা।’ 

তদন্তের পরিধি ও গুরুত্ব ব্যাখ্যা করে প্র্যাগনেল আরও যোগ করেন, ‘অন্যান্য কনফেডারেশনগুলোও একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, যা আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমি মনে করি তদন্তের পরিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা দরকার, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত কনফেডারেশনের এই পরিধির বিষয়ে একমত হওয়া উচিত এবং এটি দ্রুত শুরু করা দরকার।’ 

এদিকে ওশেনিয়া অঞ্চলের একমাত্র দেশ হিসেবে কাতার বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড সভাপতি পদ থেকে ইনফান্তিনোর ওপর অনাস্থা জানালেও, ওশেনিয়া ফুটবল কনফেডারেশন পৃথক এক বিবৃতিতে ফিফার বিগত দশকের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছে। ওএফসি জানিয়েছে, ‘ওশেনিয়া অঞ্চলে ফিফার নেতৃত্বে গত এক দশকে ফুটবল উন্নয়নে অর্জিত অগ্রগতিকে ওএফসি স্বীকৃতি দেয় এবং ফিফাকে এই পর্যালোচনার সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন শনাক্ত ও বাস্তবায়ন করার আহ্বান জানায়।’ 

ইউরোপ, এশিয়া এবং উত্তর ও মধ্য আমেরিকার দেশগুলোর জোরালো বিরোধিতার মুখে পড়লেও ইনফান্তিনোর পক্ষে এখনও আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কনফেডারেশন এবং কাতার ও মরক্কোর মতো আরব দেশগুলোর শক্তিশালী জোট অটুট রয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত