১৫ আগস্ট কেন্দ্র করে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি তল্লাশিও চলছে।

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীজুড়ে চেকপোস্ট বসানো ও নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি সূত্র জানায়, নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি তল্লাশিও চলছে।

নিরাপত্তা কার্যক্রমে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং করছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন (কুকুর) দল।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করছেন সিটিএসবি ও আইএডির সদস্যরা। ডিএমপির পাশাপাশি সার্বিক নিরাপত্তায় র‍্যাব ও সিআইডির অতিরিক্ত সদস্যরাও মাঠে রয়েছেন।

ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।

এ ছাড়া নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত