সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে প্রাণহানি, শোক জানালেন গোলাম পরওয়ার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৪ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ জুমআ বার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত