ভোলায় ২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ শামীম হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে তাকে আটক করা হয়।

আটক শামীম হোসেন উত্তর দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিল সরদারের ছেলে।

ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ভোলা-লক্ষ্মীপুরগামী লঞ্চঘাটে সন্দেহভাজন হিসেবে শামীম হোসেনকে আটক করে।

পরে তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শামীম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত