যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যানসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশের জানায়, শুক্রবার (১৪ আগস্ট) ডেট্রয়েট থেকে প্রায় ২৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে দুপুরের কিছু আগে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত এবং আরও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজন ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যান আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান। এরপর হিকম্যানকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে অন্য একটি বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে জানায়, হিকম্যান অস্ত্রধারী ও বিপজ্জনক। তাকে দেখলে কাছে না যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়।
পরে হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানেই তার মরদেহ এবং আরও একজনের মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে গুলির ঘটনা হিসেবে তদন্ত করলেও, নিহতদের প্রত্যেকের মৃত্যুর কারণ কী ছিল বা তাদের মধ্যে কোনো পারিবারিক কিংবা অন্য ধরনের সম্পর্ক ছিল কি না, তা এখনো জানায়নি।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং তদন্তকারীদের জন্যও কঠিন।’
তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
এ ঘটনায় এলাকাটি এড়িয়ে চলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। নিহতদের পরিবারের সদস্যদের জানানো না পর্যন্ত তাদের নাম ও বয়স প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।