হাতীবান্ধায় ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

​লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ​শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫০)।

​প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকটি অটোরিকশাটিকে কিছু দূর ঘষে নিয়ে সড়কের পাশের একটি মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে।

​এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং শোরুমের কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

​স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে জনতা।

​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ প্রক্রিয়াধীন রয়েছে এবং ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত