সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭২ বয়সী এই নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে আনা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকি গ্রেপ্তারা হলেন শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের নাহিয়ান সাকিব (১৯) ও মহিষাখোলা গ্রামের মো.হাসিবুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।
তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।