সীতাকুণ্ডের দুর্ঘটনাকবলিত জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ মৃত্যুর ঘটনায় জাহাজটিতে স্বাভাবিকের তুলনায় মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে শিল্প সচিব আব্দুন নাসের খান।

তিনি বলেন, বিষাক্ত এ গ্যাসের উপস্থিতিই দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিল্প সচিব।

আব্দুন নাসের খান বলেন, ঘটনার আগে ও পরে কী ঘটেছে, দুর্ঘটনার কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিল কি না-সবকিছু তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে অপসারণ করা হবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে গ্যাস অপসারণের সময় নতুন করে কোনো প্রাণহানি না ঘটে।

এসময় সচিব পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, এঘটনায় শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় ১১ সদস্যের ও চট্টগ্রাম জেলা প্রশাসন ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে শনিবার সকাল ১১টার দিকে নিহত কয়েকজনের পরিবারের সদস্যদের থানায় ডেকে কথা বলেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে জানিয়েছেন স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত