জাতীয় প্রেস ক্লাবে ‘বর্ষা উৎসব ২০২৬’

আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের একটাই পরিচয়, আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি।’ 

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বর্ষা উৎসব ২০২৬’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না।’

প্রধান অতিথি জাতীয় প্রেস ক্লাবের সদস্য সন্তানদের জন্য এমন সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। 

একই সঙ্গে সমাজের মূল স্রোতোধারার সঙ্গে একাত্মতা বজায় রাখতে এ ধরনের সব প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও অন্তর্ভুক্ত করার বিশেষ আহ্বান জানান। এ সময় প্রধান অতিথিকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়।  

প্রধান অতিথি চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এরপর শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিশু উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ পলি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, কে এম মহসীন, ক্লাবের সিনিয়র সদস্যসহ পরিবারবর্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত