যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত্যু বেড়ে ৬, বিদ্যুৎহীন দেড় লাখ মানুষ

পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের গভর্নর মাইক ব্রন এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গত কয়েকদিন ধরে ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই দুর্যোগে রাজ্যটিতে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে জেনিংস কাউন্টির চার বছর বয়সী এক শিশু রয়েছে, যার বাড়ির ওপর ঝড়ের সময় গাছ ভেঙে পড়েছিল।

এছাড়া ডেলাওয়্যার কাউন্টিতে ১৯ বছর বয়সী এক তরুণ এবং ৫৮ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্যের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট বলেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের গভর্নর মাইক ব্রন এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

তিনি বলেন, এই দুর্যোগ ও ঐতিহাসিক বন্যার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে এবং প্রেসিডেন্ট কেন্দ্রীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এদিকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় দেড় লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন এবং উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় বহু পানিবন্দি মানুষকে উদ্ধার করা হয়েছে।

ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা অর্ধশত পানি থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেছে, যেখানে ৯১ জন বাসিন্দা এবং ৪৫টি পোষা প্রাণীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। নোবলসভিল শহরের মেয়র ক্রিস জেনসেন জানিয়েছেন, সেখানে হোয়াইট নদীর পানি ১১৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ২৪ দশমিক ৬ ফুটে পৌঁছেছে, যা ১৯১৩ সালের পর সর্বোচ্চ।

আবহাওয়া পূর্বাভাসে ইন্ডিয়ানাপোলিস, ওহাইওর কলম্বাস এবং ওয়েস্ট ভার্জিনিয়ার চার্লসটনসহ বেশ কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্বাহী পরিচালক জোনাথন হুইথাম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি অন্তত আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে, এরপরই পূর্ণাঙ্গ উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত