দেশে চলমান গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট রাতারাতি মিটবে না উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সমস্যা সমাধানে ন্যূনতম দুই বছর সময় লাগবে। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থেকে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। তবে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করতেও অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগে। ফলে আগামী ২৪ মাসের আগে এই সংকটের স্থায়ী সমাধান মিলবে না।’
‘সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে। নতুন করে গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং কয়লাভিত্তিক প্রকল্পের কাজ ত্বরান্বিত করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে দিকনির্দেশনা দেবে। তবে এর মধ্যবর্তী সময়টাতে সবাইকে সতর্ক থাকতে হবে,’ বলেন তিনি।
অর্থনীতি ও অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, সরকারের মূল রাজস্ব আদায় বাড়াতে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা হবে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্ধারিত হারে কর নির্ধারণের পরিকল্পনা চলছে এবং এর জন্য একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। ব্যাংক খাতের বিশাল মূলধন ঘাটতি সরকারের পক্ষে একা মেটানো সম্ভব নয় উল্লেখ করে তিনি বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সেখানে কিছু নীতিগত পরিবর্তন আনা হয়েছে এবং বাজারে আরও ভালো মানের তালিকাভুক্ত কোম্পানি প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ব্যবসায়ীরা কেবল সমস্যার কথা না তুলে সমাধানের অংশ হতে চান। বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ভবিষ্যতে এ ধরনের আলোচনা আরও অব্যাহত থাকবে।
জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি রেসপন্স টিম গঠনের প্রস্তাব সিপিডির
বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ ঘাটতিতে প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ