আর্জেন্টিনাকে বাংলাদেশের মানুষের সমর্থন শুরুতে পাগলামী মনে হতো: ক্যানিজিয়া

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

বাংলাদেশে এসে এ দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, বিশ্বকাপে খেলার সম্ভাবনা, হামজা চৌধুরী, লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনাসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। সোমবার বাংলাদেশে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যানিজিয়ার দেওয়া সাক্ষাৎকারটি প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো।

প্রশ্ন: বাংলাদেশে এসে কেমন লাগছে?
ক্যানিজিয়া: বাংলাদেশে আসার পর আমাকে দারুণ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এখানকার মানুষ অসাধারণ। বাংলাদেশে এসে আমি খুব উপভোগ করছি। কারণ এখানকার মানুষ ফুটবলের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা বাংলাদেশের মানুষ কীভাবে উপভোগ করে, টেলিভিশনে সেই দৃশ্যগুলো আমি দেখেছি। তাই এখানে এসে এত আর্জেন্টিনা সমর্থক দেখে আমি অবাক হইনি।

প্রশ্ন: ২০৩০ বিশ্বকাপে বাংলাদেশকে দেখা কি সম্ভব?
ক্যানিজিয়া: বিশ্বকাপে বাছাইপর্ব পেরোনো সবসময়ই কঠিন। তবে বাংলাদেশের ফুটবলের অগ্রগতি হচ্ছে। আমি আশা করি, গত ১০-২০ বছরে যেভাবে বিশ্বের অনেক জাতীয় দল উন্নতি করেছে, বাংলাদেশও সেভাবে এগিয়ে যেতে পারবে। বিশ্বকাপে এখন ৪৮টি দল খেলছে, ভবিষ্যতে আরও দল যুক্ত হতে পারে। তাই বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে না? পথটা সহজ নয়। কোচ, সরকার, সামগ্রিক পরিবেশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের সঠিকভাবে গড়ে তোলার ওপর অনেক কিছু নির্ভর করবে।

প্রশ্ন: বাংলাদেশের ফুটবলারদের জন্য আপনার বার্তা কী?
ক্যানিজিয়া: এটা দীর্ঘ পথ। শুধু প্রতিভা থাকলেই হবে না, খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত হতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতাও তৈরি করতে হবে। তবে আমি আশাবাদী। বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার কথা ভাববে না?

প্রশ্ন: হামজা চৌধুরী সম্পর্কে জানেন?
ক্যানিজিয়া: হ্যাঁ, আমি তাকে চিনি। সে খুব ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার থাকা বাংলাদেশের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আপনার দলের একাধিক খেলোয়াড় যদি ইংল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইউরোপের ভালো প্রতিযোগিতায় খেলতে পারে, তাহলে তাদের অভিজ্ঞতা জাতীয় দলের উন্নতিতে বড় ভূমিকা রাখবে। অন্য দেশে খেলোয়াড় রপ্তানি না করলে উন্নতি করা কঠিন।

প্রশ্ন: বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আপনার অনুভূতি কী?
ক্যানিজিয়া: বাংলাদেশের সমর্থকেরা বিশ্বের অন্যতম সেরা। ১৯৮৬ বিশ্বকাপের পর থেকেই আমি টেলিভিশনে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের দেখেছি। শুরুতে বিষয়টি আমার কাছে পাগলামী মনে হতো। কারণ দুটি দেশ ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে অনেক দূরে। অথচ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে এত ভালোবাসে! আর্জেন্টিনা কোনো ম্যাচে ভালো করলে তারা আনন্দ করে, আবার আমরা বিপদে পড়লে বাংলাদেশের মানুষও কষ্ট পায়। এমন সমর্থন সত্যিই অসাধারণ।

প্রশ্ন: মেসি কি ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবেন?
ক্যানিজিয়া: সত্যি বলতে, আমার মনে হয় মেসির জন্য ২০৩০ বিশ্বকাপ খেলা কঠিন হবে। তবে মেসির মতো ফুটবলার চাইলে ৪১, ৪২ কিংবা ৪৩ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর। দক্ষতার দিক থেকে সে পারবে। তবে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর।

প্রশ্ন: ম্যারাডোনা ও মেসির মধ্যে একজনকে বেছে নিতে হলে কাকে নেবেন?
ক্যানিজিয়া: আমি কাউকে একজনকে বেছে নিতে চাই না। পেলে, ম্যারাডোনা ও মেসি- এই তিনজনই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা প্রতিভাদের মধ্যে রয়েছেন। আর তাদের মধ্যে দুজনই আর্জেন্টিনার! আর্জেন্টাইন হিসেবে এটা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়।

প্রশ্ন: ২০০২ বিশ্বকাপে আপনার লাল কার্ডের ঘটনা নিয়ে কী বলবেন?
ক্যানিজিয়া: সেটা ছিল অবিশ্বাস্য একটি ঘটনা। আমার বিশ্বাস, রেফারির ভুলেই আমাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে রেফারিদের অনেক ভুল দেখেছি। ওই ঘটনাটি আমার জন্য মোটেও ভালো ছিল না। তবে আমি বিশ্বাস করি, সেটা আমার ভুল ছিল না।

প্রশ্ন: বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার প্রস্তাব পেলে কি রাজি হবেন?
ক্যানিজিয়া: এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদি আসে, অবশ্যই ভেবে দেখব। যে দল সামনে এগিয়ে যেতে চায় এবং অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, তাদের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। ফুটবলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ সবসময় থাকে। তাই ভবিষ্যতে এমন কিছু হলে কেন নয়?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত