ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলে ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা রয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিনিধি দলের সঙ্গে সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া প্রতিনিধি দলটি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে একটি মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভায় বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় হবে।
সিআইআই জানিয়েছে, সফরের মূল লক্ষ্য হলো ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খুঁজে বের করা।
সফরকালে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সুবিধার ক্ষেত্র এবং সম্ভাবনাময় নতুন সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব পদে ড. নাসিমুল গনির চুক্তির মেয়াদ বাড়াল সরকার