তিন গুণী শিল্পীর জন্মদিন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম

প্রবীর মিত্র

১৯৪০ সালের আজকের দিনে চাঁদপুরে জন্ম নেন প্রবীর মিত্র। অভিনয়ের প্রতি তাঁর অনুরাগ শৈশব থেকেই। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রহরীর ভূমিকায় মঞ্চে পা রাখেন তিনি। এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় প্রবীর মিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নায়কের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘চাবুক’-এর মতো নন্দিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের ভূয়সী প্রশংসা কুড়ান। নায়ক হিসেবে তার স্মরণীয় কাজ ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’।

পরবর্তী সময়ে তিনি নায়কের গ-ি পেরিয়ে বৈচিত্র্যময় চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অজস্র স্বীকৃতি অর্জন করেন। ২০২৫ সালের ৫ জানুয়ারি তিনি না ফেরার দেশে চলে যান।

ফারুক

ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল তারকা ছিলেন ফারুক। ১৯৫৮ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। গুণী এই অভিনেতা প্রায় পাঁচ দশক ঢালিউডকে নিজ অভিনয়ে সমৃদ্ধ করেছেন। সহজ-সরল ও বলিষ্ঠ চরিত্রের রূপায়ণ তাকে সাধারণ মানুষের মাঝে এনে দিয়েছিল ‘মিয়া ভাই’ খ্যাতি। একাধারে সফল অভিনেতা ও সংগঠক ফারুক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর ২০২৩ সালের ১৫ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেলিম আল দীন

১৯৫৬ সালে ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ঔপনিবেশিক ধারা থেকে বেরিয়ে এসে বাংলা নাটককে হাজার বছরের আবহমান সংস্কৃতির মূলধারায় ফিরিয়ে আনার কারিগর ছিলেন তিনি।

কেবল নাটক রচনাই নয়, জীবনের শেষ দিন পর্যন্ত নাটক নিয়ে নিরবচ্ছিন্ন গবেষণা চালিয়ে গেছেন সেলিম আল দীন। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক বিশ্বকোষ ‘বাংলা নাট্যকোষ’ সংকলন, সংগৃহীত তথ্য পরিমার্জন ও সম্পাদনার মতো ঐতিহাসিক কাজ সম্পন্ন করেন তিনি।

তার কালজয়ী সৃষ্টি ‘হরগোবিন্দ’ নাটকাংশ সুইডিশ ভাষায় অনূদিত হয়েছে এবং ভারতের খ্যাতনামা নাট্যদল ‘রঙ্গকর্মী’ হিন্দি ভাষায় এর সফল মঞ্চায়ন করেছে। নাটকে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি প্রয়াত হন। তার মৃত্যুর পর দেওয়া হচ্ছে সেলিম আল দীন পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত