ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামে মঙ্গলবার (১৮ আগস্ট) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আজ সকালে খারকিভ অঞ্চলের পেচেনিহিতে ব্যস্ত একটি মোড়ে রাশিয়া ভয়াবহ হামলা চালিয়েছে। সেখানে একটি ডাকঘর ও কয়েকটি দোকান রয়েছে এবং চারপাশে কেবল আবাসিক ভবন।’
জেলেনস্কি ধ্বংস হয়ে যাওয়া একটি ভবন, আগুনে জ্বলতে থাকা কয়েকটি গাড়ি এবং স্ট্রেচারে করে আহত ও নিহতদের বহনকারী জরুরি সেবাকর্মীদের ছবি প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়ার এই হামলার জবাব আমরা অবশ্যই দেব।’
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান, হামলায় আরও ১৭ জন আহত হয়েছেন।
হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।
সিনিয়েহুবভ বলেন, হামলায় গ্রামের ১০টি ব্যক্তিগত ভবন, একটি ক্যাফে, একটি ডাকঘর, একটি দোকান এবং অন্তত সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী রাশিয়া দুটি ছোট ‘বান্দেরোল’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
সরকারি সম্প্রচারমাধ্যম সাসপিলনেকে এক স্থানীয় কর্মকর্তা জানান, গ্রামের কেন্দ্রীয় অংশে হামলা চালানো হয়েছে। ওই এলাকাতেই ক্যাফে, ডাকঘর ও দোকানগুলো অবস্থিত।