ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৩

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হল এইডিস মশাবাহিত এই রোগে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৬০১ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুলেটিনে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৩৫ জন। ১০৬ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ৫১ জন।

বিভাগের মধ্যে বরিশালে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন ও ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ২৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত