শিক্ষার্থী নেই তবুও রাবির শেরে-বাংলা হলে বসছে এসি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-বাংলা ফজলুল হক হলটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়া স্বত্তেও রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় হলের শিক্ষার্থীদের ইতোমধ্যে নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলে (বিজয়-৭১) স্থানান্তর করা হয়েছে। এ অবস্থায় শেরে-বাংলা হলের পরিবর্তে বিজয়-৭১ হলে এসি স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোর রিডিং রুমে পর্যায়ক্রমে এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইউজিসি থেকে প্রয়োজনীয় বাজেটও অনুমোদন করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শেরে-বাংলা হলের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। অন্যদিকে, নতুন হলে শিক্ষার্থীদের স্থানান্তর করা হলেও এখনো ডাইনিং, ক্যান্টিন ও পর্যাপ্ত পানির ব্যবস্থা হয়নি। দ্রুত এসব মৌলিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নতুন হলে বরাদ্দকৃত এসি স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

শেরেবাংলা হল সংসদের এজিএস ওমর ফারুক বলেন, ‘নতুন হলে ডাইনিং, ক্যান্টিন ও সাবমার্সিবল পাম্প স্থাপনের জন্য প্রভোস্ট বরাবর আবেদন করেছি। একই সঙ্গে নতুন হলে বরাদ্দকৃত এসি স্থাপনেরও দাবি জানিয়েছি।’

শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘রিডিং রুমে এসি স্থাপনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। প্রয়োজনীয় সরঞ্জামও আসেনি। শেরেবাংলা হলের এসি শেরেবাংলা হলেই স্থাপন করা হবে। বিজয়-৭১ হলে এসি লাগানোর প্রয়োজন হলে প্রশাসন সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ‘নতুন হলটি এখনো পুরোপুরি চালু হয়নি এবং রিডিং রুমও প্রস্তুত করা হয়নি। সবকিছু প্রস্তুত হওয়ার পর হল প্রভোস্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত স্থানে এসি স্থাপন করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত