কুমিল্লায় ট্রেনে কাটা দাদী-নাতনির দাফন সম্পন্ন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

কুমিল্লা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেলস্টেশনসংলগ্ন শাসনগাছা এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহত দাদী জোসনা বেগম ও নাতনি চাঁদনী আক্তারের দাফন তাদের নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে জানাজা শেষে মুরাদনগর উত্তরপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য জোসনা বেগম তার নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে গিয়েছিলেন। কাজ শেষে বাসস্টেশনে ফেরার পথে শাসনগাছা রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দাদি-নাতনির মরদেহ বাড়িতে নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয়জন হারানোর বেদনায় শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত