খুলনা মহানগরীর লবনচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা স্বপনের একমাত্র ছেলে।
স্বজনরা জানিয়েছেন, এলাকায় তার সাথে কারও শত্রুতা ছিল না। হঠাৎ দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
স্বজনরা আরও জানিয়েছেন, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। তবে বুধবার তিনি কাজে যাননি।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মঞ্জুরুলকে গুলি করা হয়। গুলির পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মঞ্জুরুলের পিতা খোকন খুমেক হাসপাতালে ছুটে যান। সেখানে ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মঞ্জুরুল নামের একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করি। এখনও বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।