প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর শেষকৃত্যে অংশ নিতে বাসায় দীপু মনি

‘সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার এই প্যারোল মঞ্জুর করেন।’

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম

স্বামী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় ঢাকার কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়। কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, সকাল ৮টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার এই প্যারোল মঞ্জুর করেন। দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের আবেদন করলেও কেবল দিনের আলোর ১২ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় শেষে সন্ধ্যা ৬টার মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফেরত যেতে হবে।

দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভুগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীত অনুরাগী তৌফিক নেওয়াজ।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাবেক মন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে মুন্সিগঞ্জে কারাবন্দি রয়েছেন দীপু মনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত