আলভারেজকে ছাড়াই জয়ে লা লিগা শুরু আতলেতিকোর

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

নতুন লা লিগা মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে তুলনামূলক দুর্বল মালাগাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে জয় পেলেও, দলবদলের বাজারে হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা এবং ফরোয়ার্ড লাইনে তার স্পষ্ট অনুপস্থিতি নিয়ে বেশ আলোচনা চলছে।

ম্যাচের শুরুতে আতলেতিকোর চার বিশ্বকাপজয়ী খেলোয়াড় মার্কোস লরেন্তে, মার্ক পুবিল, অ্যালেক্স বায়েনা এবং আলেহান্দ্রো গ্রিমালদোকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর মাঠে গড়ায় বল। দুই গোল হলেও পুরো ম্যাচে স্বাগতিকদের আক্রমণভাগের পারফরম্যান্স ছিল বেশ অনুজ্জ্বল, যা কোচ ডিয়েগো সিমেওনের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কাঙ্ক্ষিত ফরোয়ার্ডের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছে তারা।

গোল দুটিই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৭০তম মিনিটে লি কান-ইনের গোলে এগিয়ে যায় আতলেতিকো আর ম্যাচের শেষ দিকে এসে (৮৫ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন বায়েনা।  

ম্যাচ শেষে জয়ের আনন্দ প্রকাশ করে মিডফিল্ডার লি কান-ইন বলেন, ‘আমরা জয়ের জন্য আনন্দিত। পরবর্তী ম্যাচে উন্নতি করার জন্য আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আমার এখনও ছন্দের কিছুটা ঘাটতি আছে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এবং দল আরও উন্নতি করব।’

দলের আক্রমণভাগের এই সংকটের মূল কারণ আলভারেজের ক্লাব ছাড়ার গুঞ্জন। বার্সেলোনা রবার্ট লেভানডভস্কির বদলি হিসেবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চাচ্ছে এবং আলভারেজও সম্প্রতি বিশ্বমকাপের সময় বার্সেলোনায় যোগ দেওয়াকে তার ‘স্বপ্ন পূরণ’ বলে মন্তব্য করেছেন। তবে আতলেতিকো সাফ জানিয়ে দিয়েছে যে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে তারা ছাড়তে নারাজ। কোচ সিমেওনে ম্যাচটির আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, বিশ্বকাপ-পরবর্তী ছুটির পর আলভারেজ প্রয়োজনীয় ফিটনেস লেভেলে না পৌঁছানোয় তাকে স্কোয়াডে বিবেচনা করা হয়নি।

আন্তোনি গ্রিজমান মেজর লিগ সকারে পাড়ি জমানো এবং আলেকজান্ডার সরলথ পেশির চোটে বাইরে থাকায় আক্রমণভাগে বেশ ভুগেছে আতলেতিকো। তাই স্বাভাবিকের চেয়ে ভিন্ন পজিশনে গিয়ে উইঙ্গার আদেমোলা লুকম্যানকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলানো হয়। আগামী রবিবার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে আতলেতিকো এবং আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগপর্যন্ত এই দলবদল নিয়ে গুঞ্জন দলটির ওপর চাপ সৃষ্টি করে রাখবে বলেই মনে হচ্ছে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত