হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি-৫৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ১৯৭৮ হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি পিস্তল,৭টি ম্যাগাজিন ও বিভিন্ন প্রকারের গুলি ২২ রাউন্ড উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
এঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিকির এই কর্মকর্তা।
বিজিবি জানায়, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু জব্দ করা হয়।