নরসিংদী

স্ত্রীকে হত্যার পর মাটিচাপা স্বামী আটক

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে স্বামী  শরীফ মিয়াকে আটক করেছে পুলিশ। উপজেলার কাঠাঁলিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

আটক স্বামী শরীফ মিয়া (৪২) মাধবদীর ভগিরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে, পেশা চা দোকানে শ্রমিক।

নিহত স্ত্রী হোসনে আরা বেগম (৩৯) কাঠাঁলিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো.রহমান মিয়ার মেয়ে ও  অভিযুক্ত শরীফ মিয়ার স্ত্রী।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, স্ত্রী হত্যার দুইদিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চায় স্বামী শরীফ মিয়া। এসময় তার কথা বার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে নজরে রাখি। এক পর্যায়ে তাকে জেরা করলে তিনি স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং মরদেহ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছে সে ঘটনার বর্ণনা দেন।

তিনি বলেন, মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসছেন। তিনি আসার পরই মরদেহ উত্তোলন করা হবে। আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি।

গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে থাপ্পড় দিলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। এরপর থেকে আর জ্ঞান ফেরেনি। কিন্তু স্বামী শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতেই লুকিয়ে রাখে। পরদিন ১৮ আগস্ট রাত ১০টার পর বাড়ির পার্শ্বের একটি কবরস্থানে নিয়ে মাটিচাপা দিয়ে চলে আসে। সকলকে জানান তার স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন। পরদিন ১৯ আগস্ট দুপুরে মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে তার শ্বশুরকে সঙ্গে নিয়ে আসেন এবং একটি সাধারণ ডায়েরি করতে চান। এসময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। তিনি অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়িতে ফিরে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত