এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে দাপুটে ছন্দ ধরে রেখেছে ঋতুপর্ণা চাকমার দল আইয়ুওয়াডি। প্রথম ম্যাচে পুরো সময় মাঠে থেকে এক গোলে অ্যাসিস্ট করা বাংলাদেশের এই তারকা বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। গোলের সুযোগ পেয়েও অবশ্য তা কাজে লাগাতে পারেননি। তবে তাতে জয়ের পথে কোনো বাধা হয়নি। লেবাননের নো লিমিটসকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মিয়ানমারের ক্লাবটি। ইয়াঙ্গুনে এফ- গ্রুপের ম্যাচে নো লিমিটসকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আইয়ুওয়াডি। ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।
এর আগে উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারিয়েছিল আইয়ুওয়াডি। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন ঋতুপর্ণা। পুরো ম্যাচ খেলেছেন এবং ৩৫ মিনিটে সতীর্থ ইউ কাসাইয়ের গোলের পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
দ্বিতীয় ম্যাচে অবশ্য শুরু থেকে মাঠে ছিলেন না বাংলাদেশের ফরোয়ার্ড। বেঞ্চে থাকা ঋতুপর্ণাকে ৬৪ মিনিটে মাঠে নামান কোচ। তখনই অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছিল আইয়ুওয়াডি। ঋতুপর্ণা মাঠে নামার সময় দলটি এগিয়ে ছিল ৬-০ গোলে। শেষ দিকে গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। যোগ করা সময়ে উইন থিয়েংগি তুনের শট পোস্টে লেগে ফিরে আসে বক্সের মধ্যে। ফাঁকায় থাকা ঋতুপর্ণার সামনে তখন গোল করার দারুণ সুযোগ। তবে বল ড্রপ খেয়ে কিছুটা উঁচুতে ওঠায় লাফিয়ে বাম পা দিয়ে শট নিতে গিয়ে ঠিকমতো সংযোগ করতে পারেননি তিনি। বল চলে যায় সীমানার বাইরে। এর আগে ম্যাচে আইয়ুওয়াডির হয়ে দারুণ আধিপত্য দেখা গেছে। আট গোলের বড় জয় নিশ্চিত করে মিয়ানমারের ক্লাবটি প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের শক্তির জানান দিয়েছে।
এফ- গ্রুপে টানা দুই জয়ে এখন শেষ ম্যাচেও ভালো ফলের প্রত্যাশা ঋতুপর্ণাদের। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নিউ তাইপে সিটি হাং ইউয়ানের মুখোমুখি হবে আইয়ুওয়াডি। সেই ম্যাচেও বাংলাদেশের তারকার দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর।