নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়াকে কেন্দ্র করে বুলবুলের রিকশার গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন বুলবুল। মামলা দায়েরের পর থেকেই সেটি তুলে নিতে তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন সিফাত ও তার সহযোগীরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে আবারও মামলা তুলে নেয়ার জন্য চাপ ও হুমকি দেয়া হয়। এ সময় বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত