রবিবার ভারত সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর: ইন্ডিয়ান এক্সপ্রেস

গত সপ্তাহে ঢাকা ইঙ্গিত দিয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট (রবি-মঙ্গলবার) ভারত সফর করতে পারেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস  শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ইন্ডিয়ান এক্সপ্রেসকে উদ্ধৃত করে একই খবর দিয়েছে। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম ভারত সফর।  

২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংবাদে উল্লেখ করা হয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে ঢাকা।

Indian Express

ছয় মাস আগে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার শুরু থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে। সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।

তবে গত সপ্তাহে ঢাকা ইঙ্গিত দিয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। শেখ হাসিনা সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরই বাংলাদেশের পক্ষ থেকে এমন বার্তা আসে। ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল ঢাকা।

২০২৪ সালের জুলাই এ গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত