ডিসিইউ ভিসি

শিক্ষা ক্যাডার নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য মানসম্মত শিক্ষক দরকার

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

শিক্ষা ক্যাডার নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার মানসম্মত শিক্ষক এমনটাই বলেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি আরো বলেন বাংলাদেশে স্টুডেন্ট এনরোলমেন্টের দিক থেকে থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)। সেখানে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট রয়েছেন। তাদের শিক্ষক কারা? এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কারা?

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনের জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ড. নুরুল ইসলাম বলেন, সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ এবং সাত কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একই সঙ্গে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার জন্য যে গবেষণাভিত্তিক মানসিকতা ও একাডেমিক প্রস্তুতি প্রয়োজন, তা আলাদাভাবে বিবেচনা করা দরকার।

তিনি জানান, বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী রয়েছে। সাত কলেজ প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয়েছে।

ডিসিইউ ভিসি অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো কাঠামো অনেকাংশে বহাল রেখে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে সাত কলেজকে সংযুক্ত কলেজ হিসেবে রাখা হয়েছে। এতে একটি বড় সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সাত কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত করা হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন।

শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কে পড়াবে, শিক্ষক কে হবে, তার গবেষণার মান কেমন হবে এবং তিনি কী ধরনের জ্ঞান উৎপাদন করবেন—এসব বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রয়োজন।

ডিসিইউ ভিসির বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে শিক্ষার মান উন্নত করা গেলে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত