শিরোপা ধরের রাখার মিশনে আর্সেনালের ‘নিখুঁত শুরু’

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পর্দা উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের দাপুটে জয়ে। লিগের উদ্বোধনী ম্যাচে নবাগত কভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন সফলভাবে শুরু করেছে মিকেল আর্তেতার দল। ম্যাচজুড়ে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি কোচ মিকেল আর্তেতা গড়েছেন এক দারুণ মাইলফলক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গানাররা। ১৪ মিনিটে রিকার্দো কালাফিওরির পাস থেকে দারুণ এক শটে দলকে প্রথম লিড এনে দেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। এর ঠিক আট মিনিট পর (২৩ মিনিটে), গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটিতে যোগ দেওয়া নতুন মুখ ক্রিস্টোস জোলিসের আক্রমণ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তারকা উইঙ্গার বুকায়ো সাকা। ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটি প্রথমার্ধে আর্সেনালের গতিশীল আক্রমণের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে।

অবশ্য প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল কভেন্ট্রি। তবে লৌম চাউনার একটি ওভারহেড কিক ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে অল্পের জন্য রক্ষা পায় স্বাগতিকরা। বিরতির ঠিক পরপরই ম্যাচের ৪৮ মিনিটে দলের জয় একপ্রকার নিশ্চিত করে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। বেন হোয়াইটের পাস থেকে পাওয়া বল জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই সময় পার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কভেন্ট্রি কিছু আক্রমণ চালানোর চেষ্টা করলেও তা গোলের দেখা পেতে ব্যর্থ হয়।

এই জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে নিজের ২৪৯তম ম্যাচে ১৫০তম জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন আর্সেনাল কোচ আর্তেতা। পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ ও স্যার অ্যালেক্স ফার্গুসনের পর মাত্র পঞ্চম ম্যানেজার হিসেবে আড়াইশো ম্যাচের কম সময়ে এই কীর্তি গড়লেন তিনি।

এদিকে দলের নতুন খেলোয়াড় জোলিসের দারুণ পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ আর্তেতা বলেছন, ‘আমি সত্যিই আনন্দিত যে একজন খেলোয়াড় মাত্র কয়েক সপ্তাহ ধরে আমাদের সাথে থেকেও মাঠে নামলেই এমন দারুণ শক্তি ও তেজ প্রদর্শন করছে। সে এটা সম্পূর্ণ নিজের যোগ্যতায় অর্জন করেছে এবং শেষ ৩০ মিটারে সে অবিশ্বাস্য বৈচিত্র্য দেখিয়েছে।’ 

ম্যাচ শেষে আনন্দ প্রকাশ করে আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড ম্যাচ অফ দ্য ডে-তে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, এটি আমাদের জন্য একদম নিখুঁত শুরু। আমরা কেবল শিরোপা রক্ষা করতে চাই না, বরং আগের মতো আক্রমণাত্মক মানসিকতা নিয়ে আবারও লড়াই করতে চাই।’

অন্যদিকে, বড় ব্যবধানে হেরেও ইতিবাচক থাকার বার্তা দিয়ে কভেন্ট্রি কোচ ল্যাম্পার্ড সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি খেলোয়াড়দের জন্য একটি বড় শিক্ষা। আর্সেনালের মাঠে এই হার আমাদের পুরো মৌসুমের ভাগ্য নির্ধারণ করে দেবে না, এটি থেকে আমাদের কেবল ভালো দিকগুলো শিখতে হবে।’

প্রিমিয়ার লিগে আর্সেনালের পরের ম্যাচ আগামী ৩১ আগষ্ট, অ্যাস্টন ভিলার বিপক্ষে। এদিকে কভেন্ট্রির পরের ম্যাচ আগামী ২৯ আগষ্ট, হাল সিটির বিপক্ষে। 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত