বেগম জিয়ার সাজে চমকের চমক

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

চলতি বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে চমক দেখিয়েছিলেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তখন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন। এবার প্রাণের টানেই  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এলেন অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন চমক। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। পর্বটির শিরোনাম ‘বেগম খালেদা জিয়া’। ভিডিওটির ক্যাপশনে চমক লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যাকে তিনি গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন। 

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশনে ও স্টুডিওতে ধারণ করা হয়েছে ভিডিওটির দৃশ্য। সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার সাজ, পোশাক ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় বিষয়টি দর্শকদের নজর কাড়ে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কমেন্ট বক্সে অনেকেই চমকের সাজ ও অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত