চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে বাংলাদেশে ২১৪ কোটি ৮০ লাখ (প্রায় ২১৫ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবাহে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট তিন দিনেই দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।