ভোলায় ৩০ হাজার ৪শ বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে রবিবার (২৩ আগস্ট) রাতে এসব সিগেরেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত লালমোহন  উপজেলার গজারিয়া বাজার এলাকায় অভিযান চালয়ি কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা। এ সময় সন্দেহজনক দুইটি গোডাউনে তল্লাশি চালানো হয়। পরে সেখানে প্রায় ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ৩০ হাজার ৪শ বিদেশি সিগারেট জব্দ এবং প্রায় ৫২ হাজার ২শ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপারও উদ্ধার করা হয়। জব্দ করাপণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। অভিযান চলাকালে গোডাউনে থাকা অসাধু ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য বাজারজাতের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান, শুল্ক ফাঁকি ও অবৈধ পণ্য মজুদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত