ভারতের ৫০৩ রানে ইনিংস ঘোষণার জবাবে কলম্বো টেস্টের দিনের খেলা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শুরু করে। তবে মাত্র ২ বল হওয়ার পরই হালকা বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। পরে খেলা পুনরায় শুরু হলে মেঘলা আকাশ ও কম আলোর কারণে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে।
শ্রীলঙ্কান ব্যাটাররা বারবার আম্পায়ারদের কাছে বাজে আলোর অভিযোগ করলেও খেলা চালিয়ে যাওয়া হয়। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় ভারতীয় বোলাররা। নিজের স্পেলের দ্বিতীয় বলেই লাফিয়ে ওঠা এক দুর্দান্ত ডেলিভারিতে লাহিরু উদারাকে (০) গালিতে ক্যাচ বানান পেসার প্রসিধ কৃষ্ণা। নাইটওয়াচম্যঅন হিসেবে খেলতে নামেন প্রবাথ জয়াসুরিয়া। আলোর স্বল্পতার কারণে স্পিনার মানব সুথারকে আক্রমণে আনেন অধিনায়ক। সুথারের 'আর্ম বলে' এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাইটওয়াচম্যান প্রবাথ। শ্রীলঙ্কা রিভিউ নিলেও আম্পায়ার্স কলে সিদ্ধান্ত ভারতের পক্ষেই যায়।
জয়াসুরিয়ার উইকেটের পরপরই আম্পায়াররা বাজে আলোর কারণে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন। আম্পায়ারদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেই মাঠ ছাড়েন শ্রীলঙ্কান দুই ব্যাটার। ৩ ওভার ব্যাট করেই ৮ রানে ২ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।
জুরেলের সেঞ্চুরিতে রানের পাহাড়ে আরোহণ ভারতের
৫ উইকেটে ৩০০ রান নিয়ে ভারত দ্বিতীয় দিন শুরু করা ভারত দ্বিতীয় ওভারেই ষষ্ঠ উইকেট হারায়। টেস্ট অভিষেকে মাত্র ৬ রান করেই আশিতা ফার্নান্ডোর বলে দ্বিতীয় স্লিপে আরেক অভিষিক্ত কামিল মিশারার হাতে ক্যাচ হয়েছেন সারাংশ জৈন। তার বিদায়ের পর আবার উইকেটে ফেরেন আগের দিন হাতে আঘাত পেয়ে উঠে যাওয়া পান্ত। কিছুক্ষণের মধ্যে পেসার লাহিরু কুমারকে হুক করে ছক্কা হাকান তিনি, যা টেস্ট ক্যারিয়ারে তার ১০১তম ছক্কা। এতে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে ছক্কার সংখ্যায় টেস্ট ইতিহাস তৃতীয় সেরা ব্যাটার হয়ে যান তিনি। পরে আরেকটি ছক্কা মারা পান্তের ওপরে আছেন শুধু ইংল্যান্ডের বেন স্টোকস (১৩৮) ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭)।
লাঞ্চের পর প্রথম বলেই ক্যাচ তুলে পান্ত ফিরলে সপ্তম উইকেটে জুরেলের সঙ্গে ১১২ রানের জুটিটা ভাঙে। পান্ত ফিরেছে ৬৩ রানে। জুরেল তখন অপরাজিত ৫৯ রানে। এরপর টেলএন্ডারদের নিয়ে আরও ৮৪ রান যোগ করে পাদিক্কালের পর ইনিংসের দ্বিতীয় সেঞ্চুরির কীর্তি গড়েন জুরেল। ১৭৭ বলে ১১৫ রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
-
ভারত (১ম ইনিংস): ৫০৩/৯ ডিক্লে. (পাদিক্কাল ১১৭, জুরেল ১১৫*; প্রবাথ জয়াসুরিয়া ৩/১২৪)
-
শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৮/২ (মিশারা ৫*, প্রসিধ কৃষ্ণা ১/১, মানব সুথার ১/০)
-
অবস্থান: শ্রীলঙ্কা এখনও ৪৯৫ রানে পিছিয়ে।