বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) ও গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর পড়াশোনা করতেন এবং মুজাহিদুল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের মাঝখানে দুই তরুণের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

বগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত