ফেনীর পরশুরামে ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) উপজেলার পোস্ট অফিস সড়কের একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করার পর এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা এলাকার ইয়াসিন চৌধুরীর ছেলে শাবলু, ফুলগাজী উপজেলার পূর্ব নিলক্ষী এলাকার আবুল খায়েরের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ছাগলনাইয়া উপজেলার ইব্রাহিম খলিলুল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার পোস্ট অফিস সড়কে কামাল উদ্দিনের মালিকানাধীন তিনতলা ভবনে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ভবনের একটি কক্ষে ওই তিনজনকে ইয়াবা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালতে শাবলুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের কারাদণ্ড, মোহাম্মদ সাইফুল ইসলামকে এক হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড এবং ইব্রাহিম খলিলুল্লাহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী