সালাহর বিকল্প হিসেবে ২০০০ কোটিতে বারকোলাকে আনছে লিভারপুল

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

মোহামেদ সালাহর ক্লাব ছাড়ার পর আনফিল্ডের আক্রমণভাগে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। সেই অভাব পূরণ করতেই ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে পিএসজির সঙ্গে বড় অঙ্কের সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। ব্রিটিশ একাধিক গণমাধ্যমের সূত্র মতে, দলবদলের বাজারে চমক লাগিয়ে প্রায় ১২ কোটি পাউন্ড বা প্রায় ২ হাজার কোটি টাকার বিশাল প্যাকেজে ২৩ বছর বয়সি এই ফরাসি তারকাকে অ্যানফিল্ডে উড়িয়ে আনছে অলরেডরা।

পিএসজির প্রাথমিক দাবি এর চেয়েও অনেক বেশি থাকলেও (সূত্রমতে প্রায় ১৪ কোটি ৫০ লাখ পাউন্ড), চ্যাম্পিয়ন্স লিগের ড্র উপলক্ষে মোনাকোতে ক্লাব কর্মকর্তাদের ম্যারাথন বৈঠকের পর অবশেষে ট্রান্সফার ফির বিষয়ে বড় এই সমঝোতা চূড়ান্ত হয়েছে।

প্রাথমিক ফি একশো মিলিয়ন পাউন্ডের সামান্য বেশি হলেও, বারকোলা ও লিভারপুলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই চুক্তির মোট আর্থিক পরিমাণ ১২০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। এর মাধ্যমে ক্লাবটি গত গ্রীষ্মে আলেকজান্ডার ইসাকের জন্য দেওয়া ব্রিটিশ রেকর্ড ফিছোঁয়ার ঠিক কাছাকাছি চলে গেছে।

চুক্তি সম্পন্ন হতে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকলেও প্রিমিয়ার লিগের এই গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এটিকে অন্যতম বড় এবং আলোড়ন সৃষ্টিকারী ডিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে বারকোলার পাশাপাশি আক্রমণভাগ আরও শক্তিশালী করতে ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইলা সারের দিকেও নজর রাখছে লিভারপুল। কোডি গাকপোকে ঘিরে দলবদলের গুঞ্জনের মাঝেই প্যালেস ফরোয়ার্ডকে দলে টানার ভাবনা রয়েছে রিক্রুটমেন্ট টিমের। তবে উপযুক্ত বিকল্প না পাওয়ায় সাককে ছাড়তে নারাজ ক্রিস্টাল প্যালেস।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত