বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন খবর পেয়ে কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।
পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার ও বাল্কহেডের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ে। নদী ও নদীতীরবর্তী মানুষের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।