মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে আপ্লুত দর্শক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাজী মারুফ বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন আমেরিকায়। দেশটিতে থাকার সুবাদে প্রবাসী বাংলাদেশিদের জীবনের নানা সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই নির্মিত হয়েছিল সিনেমা ‘গ্রিন কার্ড’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই বছর পর এবার ইউটিউবে এসেছে সিনেমাটি। আর সেখানে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছেন দর্শক। 

কাজী হায়াৎ ও রওশন আরা নীপার যৌথ পরিচালনায় নির্মিত ‘গ্রিন কার্ড’ ২০২৪ সালের রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সে সময় ঈদে প্রায় ডজনখানেক সিনেমা মুক্তি পাওয়ায় খুব কমসংখ্যক প্রেক্ষাগৃহে জায়গা পেয়েছিল সিনেমাটি। ফলে অনেক দর্শক চাইলেও বড়পর্দায় এটি দেখার সুযোগ পাননি।
এবার সেই দর্শকদের জন্য ইউটিউবে এসেছে কাজী মারুফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গ্রিন কার্ড’। 

চ্যানেল আই টিভির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সিনেমাটি ৩ লাখ ২৫ হাজারের বেশি দর্শক দেখেছেন। সিনেমাটি দেখে দর্শকদের বড় একটি অংশ আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন। প্রায় হাজারখানেক দর্শক ইউটিউবের মন্তব্যঘরে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, প্রবাসীদের জীবনসংগ্রামের গল্প তাদের কাঁদিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত